২০২৩ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে থেকে লটারির ফল প্রকাশ করবেন।
মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ও এই ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। মুঠোফোনে ফল পেতে মেসেজ অপশনে GSA RESULT USER ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি মেসেজে ফল পাওয়া যাবে।
গতকাল সোমবার দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়।
এই দুই ধরনের মোট ৩ হাজার ৩৯২ শিক্ষাপ্রতিষ্ঠান এবার লটারি কার্যক্রমে যুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি বিদ্যালয় এবং মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়ে অবস্থিত ২ হাজার ৮৫২টি বেসরকারি বিদ্যালয় এ ভর্তি কার্যক্রমে অংশ নিয়েছে। মোট ৯ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৭ হাজার ৮৯টি শূন্য আসনে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হয়। সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য ৬ লাখ ৩৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। আর বেসরকারি বিদ্যালয়গুলোতে আসন আছে ৯ লাখ ২৫ হাজার ৬৬টি। এগুলোর জন্য ২ লাখ ৭৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।


0 Comments: